
নিজস্ব প্রতিবেদক।।বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া এলাকায় ছাদ থেকে পড়ে রাশেদ খান মেনন নামে আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত রাশেদ খান মেনন আওয়ামী লীগের বরিশাল মহানগরীর ১ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহতের ঘনিষ্ঠজনদের দাবি,কাউনিয়া থানা পুলিশের একটি দল দুপুরে তার বাসায় যায়।এ সময় গ্রেপ্তারের আশঙ্কায় তিনি বাড়ির ছাদ থেকে নিচে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন।পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজনের ভাষ্য অনুযায়ী,পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির পেছনের দেয়াল টপকে পালানোর চেষ্টা করার সময় তিনি নিচে পড়ে যান।
অন্যদিকে,কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ পুলিশের অভিযানের বিষয়টি অস্বীকার করেছেন।তিনি বলেন,ওই এলাকায় পুলিশের কোনো অভিযান পরিচালিত হয়নি।প্রাথমিক তথ্যে জানা গেছে, রাশেদ খান মেননের হার্টে রিং পরানো ছিল এবং তিনি নিজ বাসার ছাদে হাঁটাহাঁটি করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান।
ওসি আরও জানান,ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
ঘটনার পর মরদেহ হাসপাতাল থেকে পরিবারের সদস্যরা নিয়ে গেছেন।মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্তের ফলাফলের অপেক্ষা করা হচ্ছে।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.