নিজস্ব প্রতিবেদক।।নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার আলীগঞ্জ এলাকায় পদ্মা রেলসেতুর একটি পিলারের নিচ থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. কবির উদ্দিন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সেতু নির্মাণ বা মেরামতের কাজের অজুহাতে এক্সকাভেটর (বেকু) ব্যবহার করে পিলারের আশপাশের জমি থেকে মাটি উত্তোলন করা হচ্ছে। অভিযোগ রয়েছে, এসব মাটি বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হচ্ছে। এতে সেতুর নিরাপত্তা ও স্থায়িত্ব নিয়ে স্থানীয়দের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে।
তবে রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, রেলওয়ের মালামাল পরিবহনের জন্য সেখানে একটি অস্থায়ী রাস্তা নির্মাণ করা হয়েছিল এবং বর্তমানে সেই রাস্তা অপসারণের কাজ চলছে। তাদের মতে, কাজটি প্রকল্প সংশ্লিষ্ট কার্যক্রমের অংশ।
এদিকে বিষয়টি নিয়ে জেলা প্রশাসক মো. কবির উদ্দিন কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, জমির উপরিভাগের উর্বর মাটি কেটে অন্যত্র বিক্রি করা বা খাল, পুকুর, নদী কিংবা রাস্তা নির্মাণের নামে অপসারণ করার কোনো আইনি বৈধতা নেই। ভূমি আইন অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ড দণ্ডনীয় অপরাধ।
জেলা প্রশাসক অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে মাটি কাটার ভিডিও ও সংবাদ ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারা সেতুর নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত তদন্ত সম্পন্ন করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে এবং জনস্বার্থ ও অবকাঠামোর নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.
