মঠবাড়িয়া(পিরোজপুর)প্রতিনিধি।।পিরোজপুর-মঠবাড়িয়া সড়কের সাফা এলাকায় একটি ব্রিজের অংশ ধসে খালে পড়ে গেছে আলুবোঝাই একটি ট্রাক।বুধবার (১০ জুন) সকালে সাফা এলাকার দেবীপুর ফাজিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,অতিরিক্ত বোঝাই আলুবাহী ট্রাকটি ব্রিজের ওপর ওঠার পর হঠাৎ ব্রিজটির একটি অংশ ভেঙে পড়ে।এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান,দীর্ঘদিন ধরে ব্রিজটির ওপর দিয়ে ধারণক্ষমতার চেয়ে বেশি ওজনের বিভিন্ন যানবাহন চলাচল করে আসছিল।ব্রিজটির ঝুঁকিপূর্ণ অবস্থা সম্পর্কে স্থানীয়দের উদ্বেগ থাকলেও যথাযথ নজরদারি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল না বলে অভিযোগ রয়েছে।
দুর্ঘটনার পর সড়কটির ওই অংশে যান চলাচল ব্যাহত হয়। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও স্থানীয় বাসিন্দারা।দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ এবং ব্রিজটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয়রা বলেন,ব্রিজটির ধারণক্ষমতা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবগত থাকার পরও অতিরিক্ত বোঝাই যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।ফলে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে।
এলাকাবাসী অবিলম্বে ব্রিজটি মেরামত,ভারী যানবাহনের ওজন নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে যুক্ত করা হবে।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.
