নিজস্ব প্রতিবেদক।।আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। রাষ্ট্রপতি ও সেনাপ্রধান নিয়োগ নিয়ে ওবায়দুল কাদেরের মন্তব্যের জবাবে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নাঈম নিজাম তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি প্রতিবাদী স্ট্যাটাস দিয়েছেন।
স্ট্যাটাসে নাঈম নিজাম প্রশ্ন তোলেন,রাষ্ট্রপতি ও সেনাপ্রধান নিয়োগকে এখন ‘ভুল সিদ্ধান্ত’ বলা হলেও,সেই সময় দলের সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের কেন কোনো প্রকাশ্য আপত্তি জানাননি।
তিনি উল্লেখ করেন,গুরুত্বপূর্ণ এসব নিয়োগের সময় কাদের সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিনন্দন জানিয়েছিলেন এবং সিদ্ধান্তের বিরোধিতা করেননি।
নাঈম নিজাম আরও দাবি করেন,প্রবীণ আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু রাষ্ট্রপতি নিয়োগের বিষয়ে আপত্তি জানিয়েছিলেন এবং গণভবনে গিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন।কিন্তু তখন দলের অন্য শীর্ষ নেতারা তাঁকে সমর্থন করেননি।
ফেসবুক পোস্টে ওবায়দুল কাদেরের দল পরিচালনার ধরন নিয়েও সমালোচনা করা হয়।নাঈম নিজাম লেখেন,সাধারণ সম্পাদক থাকাকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে তাঁর যোগাযোগ সীমিত ছিল এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়েও তিনি অনেক সময় দূরত্ব বজায় রাখতেন।
এছাড়া তিনি ২০০৯ সালে মন্ত্রিসভায় স্থান না পাওয়ার পর ওবায়দুল কাদেরের লেখা বই এবং ২০১০ সালে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারের প্রসঙ্গ তুলে ধরে দাবি করেন, অতীতেও তিনি দলীয় সিদ্ধান্ত ও নেতৃত্ব নিয়ে সমালোচনামূলক অবস্থান নিয়েছিলেন।
নাঈম নিজামের মতে,অতীতের সিদ্ধান্ত নিয়ে মূল্যায়ন করা যেতে পারে,তবে সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজেদের ভূমিকাও স্বীকার করা উচিত।শুধু একজন ব্যক্তির ওপর সব দায় চাপিয়ে দিলে রাজনৈতিক জবাবদিহিতা প্রশ্নবিদ্ধ হয়।
ওবায়দুল কাদেরের বক্তব্য এবং এর প্রতিক্রিয়ায় নাঈম নিজামের এই ফেসবুক স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.
