মেহেন্দিগঞ্জ(বরিশাল)প্রতিনিধি।।বরিশাল থেকে মেহেন্দিগঞ্জে আসার পথে চরমোনাই খালের মোহনায় “পাতারহাট পরিবহন” নামে একটি মালবাহী ট্রলারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) ভোর আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের অভিযোগ,সংঘবদ্ধ ডাকাতদল প্রথমে জেলে সেজে ট্রলারের কাছে আসে।পরে সুযোগ বুঝে ট্রলারে উঠে দেশীয় অস্ত্রের মুখে ট্রলারের লোকজনকে জিম্মি করে মারধর করে।এ সময় ট্রলারে থাকা নগদ টাকা ও ৫টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় তারা।
জানা যায়,শাহজাহান মাঝির মালিকানাধীন মালবাহী ট্রলারটি বরিশাল থেকে তেল,চিনি,আটা ও বিভিন্ন মুদি-মনোহারী পণ্য নিয়ে পাতারহাট বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছিল।আসন্ন ঈদকে সামনে রেখে ট্রলারটিতে প্রায় ৫০ লাখ টাকার পণ্য ছিল বলে জানান ব্যবসায়ীরা।তবে ডাকাতরা কোনো মালামাল না নিয়ে নগদ অর্থ ও মোবাইল ফোন লুট করে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পর ট্রলারে থাকা শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।স্থানীয়রা জানান,চরমোনাই খালের মোহনা ও আশপাশের নৌপথে দীর্ঘদিন ধরেই নিরাপত্তা ঝুঁকি রয়েছে। বিশেষ করে গভীর রাতে চলাচলকারী ট্রলারগুলো প্রায়ই ছিনতাই ও ডাকাতির আশঙ্কায় থাকে।
এ ঘটনায় নৌপথে ব্যবসায়ী,ট্রলারচালক ও শ্রমিকরা দ্রুত টহল জোরদার এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।তাদের অভিযোগ,নিয়মিত নৌ-পুলিশ ও কোস্টগার্ডের টহল না থাকায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে।
স্থানীয় সচেতন মহল বলছে,ঈদকে কেন্দ্র করে নদীপথে পণ্য পরিবহন বেড়ে যাওয়ায় নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা জরুরি।অন্যথায় ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের মধ্যে চরম অনিরাপত্তা তৈরি হবে।

jb button
Jugantorbarta.Com
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.