নিজস্ব প্রতিবেদক।।ছোট ছোট মিছিল।উত্তাল স্লোগান। রাজপথজুড়ে তরুণদের আন্দোলন।আর সেই আন্দোলনের প্রতিটি মুহূর্ত ক্যামেরা,মাইক্রোফোন ও কলমে তুলে ধরছিলেন সাংবাদিকরা।রাষ্ট্রীয় বাধা,হামলা ও নজরদারির মধ্যেও তাঁরা পৌঁছে দিয়েছেন তথ্য।
কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পরিস্থিতি বদলে যায়।আন্দোলনকেন্দ্রিক সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া একের পর এক মামলায় আসামির তালিকায় উঠে আসে শতাধিক সাংবাদিকের নাম।
অনুসন্ধানে দেখা গেছে,অন্তর্বর্তী সরকারের দেড় বছরে হত্যা, হত্যাচেষ্টা ও নাশকতাসহ অন্তত ৪৯টি মামলায় দেশের ২৮২ জন সাংবাদিককে আসামি করা হয়েছে।এর মধ্যে ১৭৪ জন হত্যা মামলার,১২ জন হত্যাচেষ্টা মামলার এবং ৩৭ জন নাশকতা মামলার আসামি।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) জানিয়েছে, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের মে পর্যন্ত ৮১৪ জন সাংবাদিক হামলা,মামলা,হুমকি ও হয়রানির শিকার হয়েছেন। এর মধ্যে ৫৮৫ জন সরাসরি হামলার শিকার, ছয়জন নিহত এবং বহু সাংবাদিক আত্মগোপনে বা চাকরিহীন অবস্থায় জীবন কাটাচ্ছেন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, অভ্যুত্থান-পরবর্তী সময়ে ৪৯৬ জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন এবং ১৮৯ জন চাকরি হারিয়েছেন।
‘চতুর্থ স্তম্ভে পরিকল্পিত আঘাত’
আইনবিদ ও গণমাধ্যম বিশ্লেষকদের মতে,রাষ্ট্রের “চতুর্থ স্তম্ভ” সংবাদমাধ্যমকে রাজনৈতিকভাবে চাপে ফেলতেই এসব মামলা ব্যবহার করা হয়েছে।
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন,“সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া অনেক মামলাই আদালতে প্রমাণ করা কঠিন হবে।এতে প্রকৃত বিচার ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।ভুল বা কাল্পনিক আসামি যুক্ত হওয়ায় বিচার প্রক্রিয়াও প্রশ্নবিদ্ধ হবে।”
তিনি আরো বলেন, “‘স্বৈরাচারের দোসর’—এমন কোনো অপরাধ বাংলাদেশের আইনে নেই।এটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে।”
অদ্ভুত মামলার নজির
অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর নানা তথ্য।
কুড়িগ্রামে ‘জুলাই শহীদ’ বানিয়ে মামলা
কুড়িগ্রামের আশিকুর রহমান দীর্ঘদিন ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন।পরে তাঁকে “জুলাই শহীদ” দেখিয়ে হত্যা মামলা দায়ের করা হয়।সেই মামলায় আসামি করা হয় স্থানীয় তিন সাংবাদিককে—
কালের কণ্ঠ প্রতিনিধি আব্দুল খালেক ফারুক
নিউজ২৪ প্রতিনিধি হুমায়ুন কবির সূর্য
এটিএন বাংলা প্রতিনিধি ইউসুফ আলমগীর
মামলার বাদী ছিলেন স্থানীয় ছাত্রশিবিরের সাবেক নেতা রুহুল আমিন।তিনি নিজেকে “জুলাইযোদ্ধা” দাবি করে মামলা করার কথা স্বীকার করেন।
বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু,তবু হত্যা মামলা
লালমনিরহাটের পাটগ্রামে কলেজের সাইনবোর্ড খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান মাদরাসাছাত্র আজিজুল ইসলাম। প্রায় ১১ মাস পর সেই ঘটনায় হত্যা মামলা করা হয় এবং দুই সাংবাদিককে আসামি করা হয়।
ঢাকার ঘটনায় বরিশালের সাংবাদিক আসামি
রামপুরায় সুন্দরবন কুরিয়ার কর্মী রায়হান আকনের মৃত্যুর ঘটনায় করা মামলায় বরিশালের সাংবাদিক মুজাহিদ প্রিন্সকে আসামি করা হয়।অথচ ঘটনাস্থল থেকে তাঁর অবস্থান ছিল প্রায় ১৮০ কিলোমিটার দূরে।
নিহতের বাবা কালাম আকন দাবি করেন,“সহায়তার কথা বলে কিছু কাগজে সই নেওয়া হয়েছিল। পরে জানতে পারি,সেটি মামলা।”
মামলা বাণিজ্যের অভিযোগ
অনুসন্ধানে বিভিন্ন স্থানে “মামলা বাণিজ্য” চক্রের অভিযোগও পাওয়া গেছে।
পটুয়াখালীতে স্থানীয় এক আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে,নিহতদের পরিবারকে সরকারি সহায়তার আশ্বাস দিয়ে মামলা করিয়ে বিপুল অর্থ আদায় করা হয়েছে।প্রকাশিত অডিও রেকর্ডে আসামিদের কাছ থেকে টাকা নেওয়ার কথাও উঠে আসে।
সাংবাদিক খুন হলেও মামলা নেই
অন্যদিকে সাংবাদিক হত্যার ঘটনায় দেখা গেছে উল্টো চিত্র।
সিরাজগঞ্জের সাংবাদিক প্রদীপ কুমার ভৌমিক ২০২৪ সালের ৪ আগস্ট হামলায় নিহত হলেও এখনো তাঁর হত্যার বিচার হয়নি। পরিবারের অভিযোগ,তাঁকে “আওয়ামী লীগের দোসর” আখ্যা দিয়ে জুলাই শহীদের তালিকায়ও অন্তর্ভুক্ত করা হয়নি।
কারাবাস, আত্মগোপন ও চাকরি হারানো
বিভিন্ন মামলায় বহু সাংবাদিক গ্রেপ্তার, কারাভোগ বা আত্মগোপনে যেতে বাধ্য হয়েছেন।
গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় চার সাংবাদিককে গ্রেপ্তার করা হয়।সিরাজগঞ্জে বিএসএস প্রতিনিধি শহিদুল ইসলাম ফিলিপস সাড়ে তিন মাস কারাগারে ছিলেন।অনেকেই চাকরি হারিয়ে পরিবার নিয়ে চরম অনিশ্চয়তায় আছেন।
প্রধানমন্ত্রীর কাছে তালিকা
সংবাদপত্র মালিক সমিতির সভাপতি মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন,২৮২ সাংবাদিকের তালিকা প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে।এর মধ্যে ৯৪ জন হত্যা মামলার আসামি।
তিনি বলেন,“প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, হয়রানিমূলক মামলাগুলো পর্যালোচনা করা হবে এবং প্রমাণহীন মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে।”
গণমাধ্যম সংশ্লিষ্টদের মতেসাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মামলা ও হয়রানি অব্যাহত থাকলে স্বাধীন সাংবাদিকতা এবং গণতান্ত্রিক জবাবদিহি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.
