নিজস্ব প্রতিবেদক।।বিএনপির মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচন করে সংসদ সদস্য হলেও স্বতন্ত্রভাবে নির্বাচিত ছয় এমপি সংসদে অধিকাংশ ক্ষেত্রেই সরকারের পক্ষে অবস্থান নিয়েছেন।আইন প্রণয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে তারা দলীয় অবস্থানের সঙ্গে সমন্বয় রেখে চলছেন।এমনকি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও তারা বিরোধী দলের আদলে আলাদা শপথ নেননি।
এছাড়া আনুপাতিক হারে সংরক্ষিত নারী আসনেও তারা একজন সদস্য পেয়েছেন।ওই আসনে নির্বাচিত সুলতানা জেসমিন ছাত্রদলের সাবেক নেত্রী হিসেবে পরিচিত।
তবে এই অবস্থানের ব্যতিক্রম ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।নির্বাচনের পর থেকেই তিনি নিজস্ব রাজনৈতিক অবস্থান বজায় রেখে চলছেন।সংরক্ষিত নারী আসনের ভোটাভুটিতেও তিনি অংশ নেননি।বিভিন্ন জাতীয় ইস্যুতে সরকারের সমালোচনামূলক অবস্থান নিয়েছেন তিনি।
শুধু সংসদেই নয়,নিজ নির্বাচনি এলাকাতেও তিনি আলাদা রাজনৈতিক বলয় তৈরি করে কার্যক্রম পরিচালনা করছেন।এ নিয়ে প্রতিপক্ষের হামলার শিকার হওয়ার ঘটনাও ঘটেছে। রুমিন ফারহানা স্পষ্টভাবে জানিয়েছেন,আপাতত কোনো রাজনৈতিক জোট বা গোষ্ঠীর অংশ না হয়ে স্বাধীন অবস্থান থেকে জনগণের পক্ষে কথা বলতে চান তিনি।
সর্বশেষ গত ২৯ এপ্রিল জাতীয় সংসদে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বাণিজ্যচুক্তির বিষয়টি আলোচনার দাবি তোলেন রুমিন ফারহানা।পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন,২৮ এপ্রিল মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠকে দুই দেশের আমদানি-রফতানি ঘাটতি,বাংলাদেশের কৃষি ও জ্বালানি পণ্য আমদানির প্রতিশ্রুতি,ব্যবসার পরিবেশ উন্নয়ন এবং বিনিয়োগ আকর্ষণে নীতি সংস্কারের বিষয়গুলো গুরুত্ব পায়।
তবে রুমিন ফারহানার প্রস্তাব অনুযায়ী বাণিজ্যচুক্তি নিয়ে সংসদে আলোচনা আয়োজনের বিষয়ে সম্মতি দেয়নি সরকারি দল।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.
