দোহার (ঢাকা) প্রতিনিধি।।ঢাকার দোহারের বিলাশপুর ইউনিয়নের রাধানগর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বামী–স্ত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আগুনে পুড়ে মারা গেছেন সালাম শিকদার ও তাঁর স্ত্রী নাসিমা বেগম।তবে মৃত্যুর আগমুহূর্তে তাঁরা নিজেদের দুই মেয়ে ও এক নাতিকে বাঁচিয়ে যেতে সক্ষম হন।
শনিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়,আগুনে পুড়ে যাওয়া টিন ও কাঠের ঘরের শুধু খুঁটিগুলো দাঁড়িয়ে আছে।ঘরের ভেতরের সব আসবাবপত্র ছাই হয়ে গেছে।বাড়ির উঠানে বসে কান্নায় ভেঙে পড়েন নিহত দম্পতির চার মেয়ে।
মা–বাবাকে হারিয়ে ছোট মেয়ে জান্নাত বারবার আহাজারি করে বলছিল,
“মা, তুমি কেন এতিম করে চলে গেলা,বাবাকেও নিয়ে গেলা।”
স্থানীয় সূত্র জানায়,শুক্রবার গভীর রাতে সালাম শিকদারের বসতঘরে আগুন লাগে।আগুন ছড়িয়ে পড়লে নাসিমা বেগম প্রাণপণে দুই মেয়ে খাদিজা ও জান্নাত এবং নাতি নিশাতকে জানালা দিয়ে বাইরে বের করে দেন।তবে নিজেদের আর রক্ষা করতে পারেননি এই দম্পতি।
বিলাশপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো. সিদ্দিক জানান,সালাম শিকদারের চার মেয়ে—সাবিনা, সোহেলী,খাদিজা ও জান্নাত।বড় দুই মেয়ে বিবাহিত।ছোট দুই মেয়ে স্থানীয় বিদ্যালয়ে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে পড়ে।পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন সালাম শিকদার।তিনি চায়না জালের কারখানায় কাজ করতেন।
প্রতিবেশী হাসিনা বেগম বলেন,আগুন লাগার পর নাসিমা বেগম সন্তানদের বাঁচাতে মরিয়া হয়ে ওঠেন।একে একে দুই সন্তান ও নাতিকে বাইরে বের করে দিলেও ঘরের জিনিসপত্র সামলাতে গিয়ে সময় নষ্ট হয়।পরে আগুনে আটকা পড়ে যান তাঁরা।
খবর পেয়ে দোহার ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।পরে ঘরের ভেতর থেকে দগ্ধ দুই মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় জামাল ফকির জানান,আগুনে মরদেহ দুটি এতটাই পুড়ে গেছে যে চেনার উপায় ছিল না।উদ্ধারকালে নাসিমা বেগমের শরীরে থাকা কিছু গয়না পাওয়া যায়,যা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন,আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।এটি দুর্ঘটনা নাকি নাশকতা—সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।তিনি বলেন,স্থানীয় প্রশাসনকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে নির্দেশ দেওয়া হয়েছে এবং শিগগিরই তিনি স্বজনদের সঙ্গে দেখা করবেন।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.
