নিজস্ব প্রতিবেদক।।পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বাংলাদেশ পুলিশের সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা,আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের আস্থা অর্জনে পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
স্ট্যাটাসে প্রধানমন্ত্রী বলেন,“দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর একটি অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে।জনমনে শান্তি এবং স্বস্তি ফিরেছে।জনগণ এখন গুম,অপহরণ আর ভয়ের সংস্কৃতিমুক্ত একটি রাষ্ট্র এবং সমাজ দেখতে চায়।”
তিনি আরও বলেন,জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি ভয়মুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।পুলিশের সঙ্গে জনগণের আস্থা ও বিশ্বাসের সম্পর্ক তৈরি হলে দায়িত্ব পালনের পথ আরও সহজ হবে বলেও উল্লেখ করেন তিনি।
তারেক রহমান বলেন,রাষ্ট্রের স্থিতিশীলতা ও জনগণের আস্থা রক্ষায় একটি পেশাদার ও দায়িত্বশীল পুলিশ বাহিনী অপরিহার্য। প্রতিবছরের পুলিশ সপ্তাহকে তিনি জনগণের বিশ্বস্ত বাহিনী হিসেবে নিজেদের প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।
স্ট্যাটাসে প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সাবেক,বর্তমান ও অবসরপ্রাপ্ত সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানান।একই সঙ্গে তিনি বলেন,বর্তমান সরকার একটি সমৃদ্ধ, স্বনির্ভর, ন্যায়ভিত্তিক ও মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তবে জনগণের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত না হলে সেই লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়বে।
তিনি বলেন, “পুলিশের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার।”
জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের ভূমিকার প্রশংসা করে তারেক রহমান বলেন,একটি উপযোগী ও অনুকূল পরিবেশে পুলিশ দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সম্পূর্ণ সক্ষম—সাম্প্রতিক নির্বাচন সেটিই প্রমাণ করেছে।
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ পুলিশ শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্যের স্বাক্ষর রেখেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পুলিশের গৌরবোজ্জ্বল অবদান বিশ্বে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করেছে।
পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় পুলিশের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।তিনি বলেন, আইনশৃঙ্খলা উন্নয়ন, অপরাধ দমন এবং জাতীয় অগ্রগতির সঙ্গে পুলিশের উন্নয়ন নিবিড়ভাবে সম্পৃক্ত।এজন্য সরকার পুলিশের উন্নয়নকে জননিরাপত্তার অপরিহার্য অংশ হিসেবে বিবেচনা করছে।
মব সহিংসতা,কিশোর গ্যাং এবং মাদকদ্রব্যের বিস্তার রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বাংলাদেশ পুলিশের সার্বিক সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.

