নিজস্ব প্রতিবেদক, বগুড়া।।বগুড়ার সদর উপজেলায় লোকলজ্জার ভয়ে নবজাতক সন্তানের গলা কেটে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে মা ও তার বর্তমান স্বামীর বিরুদ্ধে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ অভিযুক্ত দুজনকে আটক করেছে।
আজ শনিবার দুপুরে সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন মোছা. নিপা আক্তার (২৪) ও তাঁর বর্তমান স্বামী মো. দুলাল মিয়া (৩৮)।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,বগুড়া সদরের নারুলী এলাকার জাহিদুল ইসলামের ছেলে শুকুর আলীর সঙ্গে প্রায় এক বছর আগে নিপা আক্তারের বিয়ে হয়।তবে দাম্পত্য কলহের জেরে প্রায় ছয় মাস আগে তাঁদের বিচ্ছেদ ঘটে।পরে চলতি বছরের ১৫ রমজানে সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের নুর আলমের ছেলে দুলাল মিয়ার সঙ্গে বিয়ে হয় নিপার।
অভিযোগ রয়েছে,শুক্রবার দিবাগত রাতে নিপা একটি সন্তান প্রসব করেন।পরে লোকলজ্জার ভয়ে নবজাতকের গলায় ব্লেড চালিয়ে হত্যা করা হয়।এরপর শিশুটির মরদেহ বাড়ির পাশের একটি পুকুরে ফেলে দেওয়া হয়।
আজ দুপুরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য নিপা ও তাঁর স্বামী দুলালকে থানায় নিয়ে যায়।
ওসি ইব্রাহিম আলী বলেন, “ঘটনার তদন্ত চলছে।ময়নাতদন্তের জন্য নবজাতকের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.
