আধুনিক কৃষি প্রযুক্তিতে কৃষকদের সচেতন করার আহ্বান
মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি।।নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বরিশালের মেহেন্দিগঞ্জে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে শতাধিক কৃষক-কৃষাণির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা চন্দ্র শেখর বসু।এছাড়া কৃষি বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রগতিশীল কৃষকেরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন,পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে কৃষকেরা হাতে-কলমে আধুনিক কৃষি প্রযুক্তি,নিরাপদ কীটনাশকের সঠিক ব্যবহার এবং কম খরচে ফসল উৎপাদন বৃদ্ধির কৌশল সম্পর্কে জানতে পারছেন।মাঠ পর্যায়ে সরাসরি প্রশিক্ষণের ফলে কৃষকেরা বাস্তব জীবনে এর সুফল পাচ্ছেন।
প্রধান অতিথি মো. শহীদুল ইসলাম বলেন, “নিরাপদ খাদ্য এখন সময়ের দাবি। বিষমুক্ত সবজি ও ফসল উৎপাদনে কৃষকদের আরও যত্নবান হতে হবে।একই সঙ্গে কীটনাশক ব্যবহারের সময় নিজেদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করতে হবে।”
সভাপতির বক্তব্যে ইউএনও মো. রিয়াজুর রহমান বলেন, “কৃষিই আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি।কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষি বিভাগকে আরও জনবান্ধব ভূমিকা রাখতে হবে।”
কর্মসূচিতে কৃষকেরা তাদের মাঠের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং বিশেষজ্ঞদের কাছ থেকে তাৎক্ষণিক সমাধান পান। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে নিরাপদ কৃষি চর্চা বিষয়ক বিভিন্ন পরামর্শ ও সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.
