নিজস্ব প্রতিবেদক, বরিশাল।।রাজধানীর সবুজবাগ থানায় দায়ের হওয়া মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. আবুল কালাম আজাদ দীর্ঘ ১৮ বছর ধরে পলাতক ছিলেন।পরিচয় গোপন করতে নিজের নাম পরিবর্তন করে নতুন এনআইডি তৈরি করেছিলেন,ঠাঁই নিয়েছিলেন দূরবর্তী এলাকায়।তবে এত কিছু করেও শেষ রক্ষা হয়নি তাঁর।র্যাব-৮ ও র্যাব-৩-এর যৌথ অভিযানে আজ বুধবার দুপুরে বরিশালের বাকেরগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব জানায়, গ্রেপ্তার হওয়া আবুল কালাম আজাদের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বুজরুক মুন্দিয়া গ্রামে। ২০০৮ সালের ২০ নভেম্বর রাজধানীর সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে একটি মামলা হয়।ওই মামলায় আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এর পর থেকেই তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেন।
র্যাব-৮-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,দণ্ড এড়াতে আসামি আবুল কালাম আজাদ তাঁর এনআইডির নাম আংশিক পরিবর্তন করে ‘মো. কালাম আকন’ নাম ধারণ করেন।এই ছদ্মবেশেই তিনি দীর্ঘ ১৮ বছর ধরে বরিশালের বাকেরগঞ্জ এলাকায় বসবাস করে আসছিলেন।গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে বাকেরগঞ্জ উপজেলা ভূমি অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র্যাবের একটি চৌকস আভিযানিক দল।
অভিযান সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান,গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়,প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষণ, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন গুরুতর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে তারা কাজ করে যাচ্ছে।এরই ধারাবাহিকতায় দীর্ঘদিনের পলাতক এই আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.
