মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি।।
যে ঘরে মানুষ মাথা নত করে শান্তির জন্য, সেই মসজিদের ভেতরেই ঝরল রক্ত। কমিটি গঠন নিয়ে তর্কের জেরে মেহেন্দিগঞ্জে এক মুসল্লির হাত ভেঙে দিয়েছে প্রতিপক্ষ।
গত ২৪ এপ্রিল ২০২৬, শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার ১৫নং আদর্শ নগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সিকদার বাড়ি জামে মসজিদে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী জসিম হাওলাদার (৪০) চুনারচর গ্রামের মৃত রফিকুল ইসলাম হাওলাদারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদ কমিটি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তার ওপর হামলা চালানো হয়। বেধড়ক মারধরে তার ডান হাত ভেঙে যায়। তিনি এখন বিছানায় কাতরাচ্ছেন।
যাদের বিরুদ্ধে অভিযোগ
১. এরশাদ বেপারী, পিতা: মনির বেপারী
২. রুহুল আমিন কবিরাজ, পিতা: তালেব কবিরাজ
৩. তালেব কবিরাজ, পিতা: মৃত ফজল কবিরাজ
৪. বাবুল কাজী, পিতা: মৃত মোতাহার কাজী
মসজিদের সাবেক সাধারণ সম্পাদক ক্ষোভ প্রকাশ করে বলেন, “এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে? আল্লাহর ঘরে আমরা নিরাপদ না! জসিম ভাই কমিটির কোনো পদ-পদবিও চাননি। শুধু আলোচনার সময় মত দিতে গিয়েছিলেন। এটাই তার অপরাধ?”
নাম প্রকাশে অনিচ্ছুক এক মুসল্লি বলেন, “দীর্ঘদিন ধরে কমিটি নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্ব চলছে। কিন্তু তাই বলে মসজিদের ভেতর, জুমার দিনে একজন মুসল্লির গায়ে হাত? আমরা লজ্জিত।”
ঘটনার পর থেকে এলাকার ধর্মপ্রাণ মানুষ ক্ষুব্ধ। তাদের দাবি, মসজিদের পবিত্রতা রক্ষা ও ভবিষ্যতে এমন ন্যক্কারজনক ঘটনা ঠেকাতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
অভিযুক্তরা হামলার জন্য দায়ী নয় বলে জানান। কিভাবে তার হাত ভেঙেছে তারা জানেন না বলে জানান। তাদের দাবী মসজিদের ভিতরে কোন হামলা হয়নি।
ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, তারা থানায় মামলা দায়ের করেছেন।
কাজীরহাট থানার ওসি মোঃ মমিন উদ্দিন বলেন, এই বিষয়ে লিখিত অভিযোগ পেয়ে তা এজাহার হিসাবে গন্য করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।







Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.