মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি।।বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় শিশুদের প্রলোভন দেখিয়ে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে এক বৃদ্ধকে ঝাড়ুপিটা করে পুলিশে সোপর্দ করার ঘটনা ঘটেছে। শুক্রবার (১ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ১০ নম্বর আলীমাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরমহিষা গ্রামে এ ঘটনা ঘটে।
পিটুনির শিকার ব্যক্তি একই গ্রামের বাসিন্দা দুলাল জমাদ্দার (৭০)।স্থানীয়দের অভিযোগ,তিনি বিভিন্ন সময়ে শিশুদের প্রলোভন দেখিয়ে অনৈতিক প্রস্তাব দিতেন।এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা তাকে আটক করে ঝাড়ু দিয়ে মারধর করেন।
ঘটনার একটি ৫৬ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।ভিডিওতে দেখা যায়, কয়েকজন নারী দুলাল জমাদ্দারকে ঝাড়ু দিয়ে মারধর করছেন এবং আশপাশে উৎসুক জনতা ঘটনাটি প্রত্যক্ষ করছে।
স্থানীয় ইউপি সদস্য মো. নুরউদ্দিন বলেন,“শিশুদের সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তাকে আটক করে।পরে পুলিশে সোপর্দ করা হয়।”
তবে অভিযুক্ত দুলাল জমাদ্দার অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার কৃষি প্রকল্পে ফল নষ্ট করাকে কেন্দ্র করে কিছু শিশুকে ধমক দিয়েছিলাম।পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষরা আমাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ তুলে মারধর করেছে।”
এ বিষয়ে দুলাল জমাদ্দারের ভাই আবুল কালাম বলেন,“আমাদের প্রায় এক একর জমিতে একটি কৃষি প্রকল্প রয়েছে।শিশুদের ফল তোলা নিয়ে কথা বলায় পরিকল্পিতভাবে অপবাদ দিয়ে তাকে মারধর করা হয়েছে।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং দুলাল জমাদ্দারকে হেফাজতে নেয়।মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিন জানান, “অভিযোগের ভিত্তিতে তাকে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.