মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি।।বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ৯ নম্বর জাঙ্গালিয়া ইউনিয়নে জেলে কার্ডের চাল বিতরণকে কেন্দ্র করে চরম অব্যবস্থাপনা,বিশৃঙ্খলা ও জেলেদের হয়রানির অভিযোগ উঠেছে।চাল না পেয়ে একদিকে যেমন কার্ডধারী জেলেরা ক্ষোভে ফুঁসছেন,অন্যদিকে গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় এক জেলেকে ইউপি সদস্য কর্তৃক মারধরের ঘটনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।
ভোগান্তির চিত্র:
বুধবার সকালে জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়,কয়েকশ জেলে প্রখর রোদ উপেক্ষা করে চালের আশায় ভিড় করেছেন।
৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভুক্তভোগী জেলে মোকলেছ পালোয়ান আক্ষেপ করে বলেন, “দুইদিন ধইরা চাল নিতে আইতেছি,খালি ঘুরায়।কাম-কাজ ফালাইয়া আইয়াও চাল পাইতাছি না।” অনেক জেলে অভিযোগ করেন, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও তারা সংশ্লিষ্টদের কাছ থেকে কোনো সদুত্তর পাচ্ছেন না।
গণমাধ্যমের সামনে জেলেকে লাঞ্ছিত!!
চাল বিতরণের অব্যবস্থাপনা নিয়ে জেলেরা যখন সাংবাদিকদের সাথে কথা বলছিলেন,তখন ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য **বশির গাজী** চড়াও হন। অভিযোগ পাওয়া গেছে,তিনি একাধিক কার্ডধারী জেলেকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং সাংবাদিকদের সাথে কথা বলতে বাধা দেন।উপস্থিত জেলেরা জানান,বশির গাজীর বিরুদ্ধে এর আগেও ত্রাণ বিতরণে অনৈতিক সুবিধা নেওয়া ও দুর্ব্যবহারের একাধিক অভিযোগ রয়েছে।
কর্তৃপক্ষের বক্তব্য:
বিশৃঙ্খলা ও বরাদ্দের ঘাটতি নিয়ে ইউনিয়ন চাল বিতরণ সমন্বয় কমিটির সদস্যরা ভিন্ন ভিন্ন মত দিয়েছেন:
বরাদ্দ সংকট:
সমন্বয় কমিটির সদস্য সোহাগ ও ইউনিয়ন বিএনপি সভাপতি শাহাবুদ্দিন আজাদ জানান, ইউনিয়নে কার্ডধারী রয়েছে ৩,৮০০ জন, কিন্তু বরাদ্দ এসেছে মাত্র ২,৩০০ জনের জন্য।এই ১,৫০০ জনের ঘাটতিই মূল বিশৃঙ্খলার কারণ।
*চেয়ারম্যানের ব্যাখ্যা:
ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের ফরাজি জানান, বুধবার চাল দেওয়ার নির্ধারিত দিন ছিল না।তবে বরাদ্দ অনুযায়ী তালিকাভুক্তরাই চাল পাবেন বলে তিনি আশ্বস্ত করেন।
মৎস্য কর্মকর্তার আশ্বাস:
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর সানি জানান, মাস্টাররোল তৈরি করতে সময় লাগায় বিতরণ কিছুটা বিলম্বিত হচ্ছে।আগামী দুই দিনের মধ্যে সুষ্ঠুভাবে চাল বিতরণের প্রক্রিয়া শেষ হবে।
জেলেদের দাবি:
মৌসুমে মাছ ধরা বন্ধ থাকায় বর্তমানে জেলেরা বেকার ও খাদ্য সংকটে রয়েছেন।এমন অবস্থায় বরাদ্দের স্বল্পতা এবং জনপ্রতিনিধিদের অপেশাদার আচরণ তাদের দুর্দশা আরও বাড়িয়ে দিয়েছে।দ্রুত স্বচ্ছ তালিকা প্রণয়ন করে চাল বিতরণ এবং জেলেদের ওপর হামলাকারীর বিচার দাবি করেছেন ভুক্তভোগী সাধারণ জেলেরা।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.