আন্তর্জাতিক ডেস্ক।।মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সংঘাত টানা ১৪ দিন ধরে চলতে থাকায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিলেও রাশিয়া ও চীন শক্ত অবস্থান নিয়ে ইরানের পক্ষে দাঁড়িয়েছে।
নিউইয়র্কে শুক্রবার অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্র ইরানের ওপর জাতিসংঘের ‘১৭৩৭ কমিটি’র কার্যক্রম পুনরায় সক্রিয় করার প্রস্তাব দেয়। তবে রাশিয়া ও চীনের প্রতিবাদ সত্ত্বেও বৈঠকে ১১–২ ভোটে আলোচনা চালিয়ে যাওয়ার প্রস্তাব পাস হয়। দুই দেশ ভোটদান থেকে বিরত থাকে।
যুক্তরাষ্ট্রের দূত মাইক ওয়াল্টজ অভিযোগ করেন, ইরান বর্তমানে ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে এবং পারমাণবিক পরিদর্শনের পূর্ণ সুযোগ দিচ্ছে না। তার দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ও সন্ত্রাসে সমর্থন বিশ্বনিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে।
রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া যুক্তরাষ্ট্রের এই অভিযোগকে অযথা আতঙ্ক হিসেবে আখ্যায়িত করেন। চীনের প্রতিনিধি ফু ছং বলেন, যুক্তরাষ্ট্রই সংকটের উসকানিদাতা এবং দ্বিচারিতার কারণে কূটনৈতিক প্রচেষ্টা দুর্বল হয়েছে।
এদিকে ব্রিটেন ও ফ্রান্স যুক্তরাষ্ট্রের পক্ষে অবস্থান নিয়েছে এবং আন্তর্জাতিক উদ্বেগ মোকাবিলায় ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের দাবি জানিয়েছেন। ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি সাংবাদিকদের জানান, তেহরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং নতুন কোনো নিষেধাজ্ঞা মেনে নেওয়া হবে না।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। প্রথম হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবার নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে ইরান ইসরায়েল এবং মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। সংঘাত এখনও চলমান এবং পুরো মধ্যপ্রাচ্যকে ভয়ংকর যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.