বগুড়া প্রতিনিধি।।গণতন্ত্রকে শক্তিশালী ও টিকিয়ে রাখতে স্বাধীন গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন,রাষ্ট্রের কার্যক্রম জনগণের সামনে আয়নার মতো তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব,আর গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় অঙ্গীকারবদ্ধ এবং সময়োপযোগী সংস্কারের মাধ্যমে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও শক্তিশালী করা হবে।
শুক্রবার দুপুর ১২টায় বগুড়া শহরের করতোয়া কনভেনশন সেন্টারে বগুড়া জেলা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে রাজশাহী বিভাগের সাত জেলার সাংবাদিকদের মধ্যে আর্থিক অনুদান এবং সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, দেশে জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠা করা হলে অতীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এমন পরিস্থিতিতে পড়ত না।বর্তমান সরকার রাষ্ট্রে জবাবদিহিতা প্রতিষ্ঠায় কাজ করছে।সব সম্প্রচার মাধ্যমে মূল্যবোধভিত্তিক প্রচারণা জোরদার করার জন্য প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে আরও শক্তিশালী করার আশ্বাস দিয়ে জহির উদ্দিন স্বপন বলেন,রাষ্ট্রীয়ভাবে সাংবাদিকদের দেওয়া অর্থ কোনো অনুদান নয়,এটি তাঁদের প্রাপ্য।গত ১৭ বছরে সাংবাদিকেরা স্বৈরাচারের বিরুদ্ধে কলম দিয়ে লড়াই করেছেন এবং ফ্যাসিস্টবিরোধী সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।তাই সাংবাদিকদের জন্য নেওয়া এসব উদ্যোগ গণমাধ্যমকে শক্তিশালী করারই প্রচেষ্টা।
তিনি আরও বলেন,সাংবাদিকতা এমন একটি জ্ঞান ও মেধাভিত্তিক পেশা,যার মাধ্যমে বিত্তবান হওয়া সম্ভব নয়। এ পেশায় সৎ থেকে দায়িত্ব পালন করতে হলে রাষ্ট্র ও সমাজের পৃষ্ঠপোষকতা প্রয়োজন।এজন্য সাংবাদিকদের সম্মানজনক ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করবে।
বগুড়ার উন্নয়ন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন,গত ১৭ বছরে বিভিন্ন ক্ষেত্রে বগুড়াকে বঞ্চিত করা হয়েছে।বগুড়াবাসীর বঞ্চিত অধিকারগুলো তালিকা করে ধাপে ধাপে তা ফিরিয়ে দেওয়া হবে।বগুড়ায় পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র স্থাপন এবং প্রেসক্লাব ভবনের নির্মাণকাজ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।
সরকারের সাম্প্রতিক উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকারের বয়স এখনো এক মাসও পূর্ণ হয়নি। তবে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কল্যাণে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন।এর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে, কৃষক কার্ড চালুর কার্যক্রম চলছে এবং কৃষিঋণ মওকুফের ঘোষণা দেওয়া হয়েছে।তিনি আরও জানান,সরকারের কোনো সংসদ সদস্য সরকারি গাড়ি বা প্লট নেবেন না।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান (রুমন)।এ সময় আরও বক্তব্য দেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান,জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম (বাদশা),বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান ও সাধারণ সম্পাদক কালাম আজাদ,দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক (লালু),জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান এবং সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস প্রমুখ।
অনুষ্ঠানে রাজশাহী বিভাগের ৫১ জন সাংবাদিককে আর্থিক সহায়তা এবং ৪৬ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.