আশুগঞ্জ(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।।ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জাতীয় গ্রিড লাইনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুইটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। ফলে সাময়িকভাবে জাতীয় গ্রিডে প্রায় ৮৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমে গেছে।
শুক্রবার (১৩ মার্চ) দুপুর আড়াইটা থেকে ইউনিট দুটির উৎপাদন বন্ধ রয়েছে।
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী পরিচালক (পরিচালন ও সংরক্ষণ) মোহা. আব্দুল মজিদ জানান,কেন্দ্রটির পাঁচটি ইউনিটের মধ্যে বর্তমানে তিনটি ইউনিট উৎপাদনে রয়েছে। তবে দুপুরে হঠাৎ করে জাতীয় গ্রিড লাইনে ত্রুটি দেখা দিলে গ্রিডের সঙ্গে সংযুক্ত ৪৫০ মেগাওয়াট ক্ষমতার নর্থ ইউনিট এবং ৪০০ মেগাওয়াট ক্ষমতার ইস্ট ইউনিট বন্ধ হয়ে যায়।
তিনি আরও জানান,ইতোমধ্যে কারিগরি দল ত্রুটি নিরসনে কাজ শুরু করেছে।৪৫০ মেগাওয়াট নর্থ ইউনিটটি প্রায় এক ঘণ্টার মধ্যে চালু করার চেষ্টা চলছে।তবে ৪০০ মেগাওয়াট ক্ষমতার ইস্ট ইউনিটে যান্ত্রিক জটিলতা থাকায় বিষয়টি নিয়ে জার্মানির সংশ্লিষ্ট প্রযুক্তিগত প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।ইউনিটটি পুনরায় চালু করতে কমপক্ষে তিন দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন তিনি।
হঠাৎ উৎপাদন কমে যাওয়ায় দেশের কিছু এলাকায় লোডশেডিংয়ের আশঙ্কা তৈরি হতে পারে বলে বিদ্যুৎ সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ⚡
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.