নিজস্ব প্রতিবেদক।।ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের বিরোধিতা করাকে স্ববিরোধিতা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,যে রাষ্ট্রপতির সঙ্গে বিরোধী দল ৫ আগস্টের পর আলোচনা করেছে এবং যার কাছেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টারা শপথ নিয়েছেন,তাঁর ভাষণের বিরোধিতা করা কেন—সে প্রশ্ন তাদেরই করা উচিত।
এর আগে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে সংসদে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়।বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম রাষ্ট্রপতির উপস্থিতির প্রতিবাদ জানান।পরে বিরোধী দলের সদস্যরা বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন এবং রাষ্ট্রপতির ভাষণ প্রত্যাখ্যান করেন।
প্রায় পাঁচ মিনিট প্রতিবাদের পর বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা ওয়াকআউট করেন।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,সংসদ সদস্যরা বিধি অনুযায়ী ওয়াকআউট করতে পারেন।এটি অস্বাভাবিক কোনো ঘটনা নয়। তিনি আশা প্রকাশ করেন,বিরোধী দল আবার সংসদে ফিরে আসবে এবং আলোচনায় অংশ নেবে।
সংসদকে অর্থবহ করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান সালাহউদ্দিন আহমদ।তিনি বলেন,জাতীয় সব সমস্যার সমাধানে সংসদ হবে আলোচনার কেন্দ্রবিন্দু এবং ফ্যাসিবাদবিরোধী যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে তা ধরে রেখে দেশ এগিয়ে যাবে।
তিনি আরও বলেন,দীর্ঘ আন্দোলনের পর দেশে নতুন গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে এবং একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
আগামী রোববার সকাল ১১টায় জাতীয় সংসদের অধিবেশন আবার বসবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.