নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর একটি নামী শিক্ষা প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে লঞ্চের কেবিনে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ মার্চ) ভুক্তভোগী শিক্ষার্থীর ভাই বাদী হয়ে রাজধানীর কোতোয়ালি থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মোহাম্মদ সাকিব উদ্দিন (২৬) ও মোহাম্মদ নুরুজ্জামান মিঠু (৩২)কে গ্রেপ্তার করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়,গত ৮ মার্চ দুপুরে নোয়াখালীর হাতিয়া তমুরদ্দিন লঞ্চঘাট থেকে ‘ফারহান-০৪’ নামের লঞ্চের ৩২৮ নম্বর কেবিনে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন ওই শিক্ষার্থী।তাকে লঞ্চে তুলে দেন তার বাবা।একই সময় যাত্রী হিসেবে লঞ্চে ওঠেন অভিযুক্ত দুই যুবক।
লঞ্চ ছাড়ার কিছু সময় পর তারা শিক্ষার্থীর কেবিনের দরজায় নক করে এবং তার বাবাকে চেনেন বলে পরিচয় দেয়। একপর্যায়ে নিরাপত্তার অজুহাতে তাদের কাছে থাকা মোটরসাইকেল বিক্রির টাকা কেবিনে রাখার অনুরোধ করে। সরল বিশ্বাসে শিক্ষার্থী দরজা খুললে তারা কৌশলে কেবিনে প্রবেশ করে।
এজাহারে উল্লেখ করা হয়,কেবিনে ঢুকে তারা শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দেয়।এতে রাজি না হওয়ায় তারা জোরপূর্বক তার মুখ ও গলা চেপে ধরে।এসময় নুরুজ্জামান মিঠু শিক্ষার্থীর মোবাইল ফোন নিয়ে বাইরে পাহারায় থাকেন এবং সাকিব উদ্দিন কেবিনের ভেতরে তাকে ধর্ষণ করেন।
ঘটনার পর অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করেছে।এ ঘটনায় আরও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
আইনি সতর্কতা: আইন অনুযায়ী ধর্ষণের শিকার ভুক্তভোগীর নাম-পরিচয় প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ। তাই সংবাদে তার পরিচয় গোপন রাখা হয়েছে।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.