নিজস্ব প্রতিবেদক।।ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামিকে অচিরেই দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
সোমবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে পুলিশ সদরদপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
আইজিপি বলেন,হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত প্রধান আসামি ফয়সাল করিম মাসুদসহ দুইজনকে ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার করা হয়েছে।তাদের দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে,কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) বাংলাদেশ সীমান্ত সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে।গতকাল রোববার (৮ মার্চ) তাদের বিধাননগর আদালতে হাজির করা হলে আদালত ১৪ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেপ্তার হওয়া দুই বাংলাদেশি নাগরিক হলেন— রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) ও আলমগীর হোসেন (৩৪)। ফয়সাল করিম মাসুদের বাড়ি পটুয়াখালী জেলায় এবং আলমগীর হোসেনের বাড়ি ঢাকায়।
পুলিশ জানায়,হত্যাকাণ্ডের পর তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেন এবং বনগাঁ এলাকায় আত্মগোপনে ছিলেন।পরে সুযোগ বুঝে পুনরায় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করার সময় তাদের আটক করা হয়।
এ ঘটনায় বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে বলে জানিয়েছে পুলিশ।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.