নিজস্ব প্রতিবেদক।।পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন,২০২৪ সালের জুলাই আন্দোলনকে যারা নিজেদের সম্পত্তি মনে করছে বা ব্যক্তিস্বার্থে ব্যবহার করছে তাদের তালিকা করা হচ্ছে।তিনি বলেন, “আমরাও রাজপথে ছিলাম।জুলাই বিপ্লব কারও বাপের সম্পত্তি নয়।”
সোমবার (৯ মার্চ) বেলা ১১টায় পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।ডিএমপির সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ভবনের নিচতলায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আইজিপি জানান,ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিকে অচিরেই দেশে ফিরিয়ে আনা হবে।এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন,দায়িত্ব গ্রহণের পর থেকেই চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে।দল-মত নির্বিশেষে এ অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো দলীয় বিবেচনার সুযোগ থাকবে না।
তিনি আরও বলেন,ইতোমধ্যে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।ব্লক রেট দিয়ে চাঁদাবাজি,সন্ত্রাস,মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে।
চাঞ্চল্যকর কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন ও দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান আইজিপি।গণধর্ষণ,ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতার ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মামলার তদন্তের মান উন্নয়নে সিআইডিকে আরও আধুনিক করার পরিকল্পনার কথাও জানান তিনি।আইজিপি বলেন, তদন্ত দ্রুত সম্পন্ন করে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।
পুলিশি সেবা সম্পর্কে তিনি বলেন,জনগণ যেন থানায় এসে হয়রানির শিকার না হয় এবং হাসিমুখে সেবা নিয়ে থানার বাইরে যেতে পারে,সে লক্ষ্যেই কাজ করছে পুলিশ।পুলিশের রিঅ্যাকশন টাইম কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
আইজিপি আরও বলেন,গত ১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়েছে।সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার দেশের আইন-শৃঙ্খলা রক্ষা করা এবং সেই লক্ষ্য বাস্তবায়নে পুলিশ অঙ্গীকারবদ্ধ।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.