অনলাইন ডেস্ক রিপোর্ট।।মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে।যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে ব্যাপক পাল্টা সামরিক অভিযান শুরু করেছে ইরান।এ হামলার জেরে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অন্তত তিনজন প্রবাসী নিহত এবং আরও ৫৮ জন আহত হয়েছেন বলে দেশটির কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল এবং আমিরাতভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমস-এর প্রতিবেদনে জানানো হয়,নিহতদের মধ্যে একজন বাংলাদেশি,একজন পাকিস্তানি এবং একজন নেপালের নাগরিক রয়েছেন।
ইউএই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জরুরি বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পক্ষ থেকে ছোড়া মোট ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়।এর মধ্যে আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১৫২টি ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করে।পাশাপাশি ছোড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও মাঝ আকাশে ধ্বংস করা হয়েছে।
তবে প্রতিরক্ষা ব্যবস্থার বাইরে চলে যাওয়া কিছু ক্ষেপণাস্ত্র আবাসিক এলাকায় আঘাত হানায় হতাহতের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
মন্ত্রণালয় আরও জানায়,ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি ইরান থেকে বিপুল সংখ্যক ড্রোনও আমিরাতের দিকে পাঠানো হয়। রাডারে মোট ৫৪১টি ড্রোন শনাক্ত করা হয়,যার মধ্যে ৫০৬টি আকাশেই ধ্বংস করা সম্ভব হয়েছে।
দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে,আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং জাতীয় নিরাপত্তা ও আকাশসীমা সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে চলমান পাল্টাপাল্টি হামলার কারণে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে নিরাপত্তা উদ্বেগ বাড়ছে এবং আন্তর্জাতিক মহলে পরিস্থিতি নিয়ে গভীর উৎকণ্ঠা দেখা দিয়েছে।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.