নিজস্ব প্রতিবেদক।।জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে এ পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনীত করেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
আগামী ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে এ পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।শুরুতে বাংলাদেশের সঙ্গে ফিলিস্তিনের প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা থাকলেও ফিলিস্তিন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। বর্তমানে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী সাইপ্রাস।
এর আগে অন্তর্বর্তী সরকার সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিল।তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন করে ড. খলিলুর রহমানকে প্রার্থী করা হয়।
জাতিসংঘের আঞ্চলিক রোটেশন নীতিমালা অনুযায়ী এবারের সভাপতি নির্বাচিত হবেন এশিয়া-প্যাসিফিক গ্রুপ অব স্টেটস থেকে।আগামী সেপ্টেম্বরে ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে।নির্বাচনি প্রক্রিয়ার অংশ হিসেবে মে মাসে বর্তমান অধিবেশনের সভাপতি আনালেনা বেয়ারবক প্রার্থীদের সঙ্গে একটি অনানুষ্ঠানিক মতবিনিময় সভা আয়োজন করবেন।
কূটনৈতিক সূত্রগুলো বলছে,প্রায় চার দশক পর বাংলাদেশের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ।সর্বশেষ ১৯৮৬ সালে ৪১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী।
সূত্র আরও জানায়,বাংলাদেশ কয়েক বছর ধরেই এ পদে প্রার্থিতা ঘোষণা করে আসছিল।শেষ মুহূর্তে ফিলিস্তিন প্রার্থী হওয়ায় কিছু অনিশ্চয়তা তৈরি হলেও পরে তারা সরে দাঁড়ায়। কূটনৈতিক সূত্র মতে,যুক্তরাষ্ট্র ও তুরস্ক বাংলাদেশকে নির্বাচনে অংশগ্রহণ অব্যাহত রাখতে উৎসাহ দিয়েছে।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.