নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর হাজারীবাগে সাবেক প্রেমিকের সন্দেহ ও ক্ষোভের জেরে নবম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার শারমিন বিন্তিকে হত্যা করা হয়েছে।রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
পুলিশ জানায়,নিহত শাহরিয়ার শারমিন বিন্তি হাজারীবাগের রায়ের বাজার হাইস্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।বুধবার রাত সাড়ে ৯টার দিকে অভিযুক্ত সিয়াম তাকে ফোন করে বাসা থেকে বাইরে ডেকে নেয়।পরে হাজারীবাগ থানার চরকঘাটার পাকা রাস্তায় তার পিঠে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করা হয়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বিন্তিকে উদ্ধার করে প্রথমে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় নিহতের বাবা মো. বিল্লাল হোসেন হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ডিসি মাসুদ আলম জানান,বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় অভিযান চালিয়ে নিজ বাসা থেকে সিয়াম ওরফে ইমনকে গ্রেপ্তার করা হয়।এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, রক্তমাখা গেঞ্জি ও প্যান্ট এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়,বিন্তি ও সিয়াম আগে একই স্কুলে পড়াশোনা করত এবং তাদের মধ্যে প্রায় চার বছরের প্রেমের সম্পর্ক ছিল।সম্প্রতি সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হলে সিয়াম সন্দেহ করে যে বিন্তি অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছে।এ বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সে ছুরিকাঘাত করে হত্যাকাণ্ড ঘটায়।
ডিসি আরও জানান,সিয়াম পরিকল্পিতভাবে ছুরি সঙ্গে নিয়ে এসেছিল।কথার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা ব্যর্থ হলে সে চরম পথ বেছে নেয়।পুলিশ জানিয়েছে,ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.