নিজস্ব প্রতিবেদক।।সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার উদ্দেশ্যেই ২০০৯ সালের বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন,২০০৯ সালের এই দিনে বিডিআরের চৌকস ৫৭ জন সেনা কর্মকর্তাসহ প্রায় ৭২ জন কর্মকর্তা-কর্মচারীকে নির্মমভাবে হত্যা করা হয়।তিনি এ ঘটনাকে জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক ও কলঙ্কজনক অধ্যায় হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন,ওইদিন বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করে দেওয়ার গভীর চক্রান্ত করা হয়েছিল।৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করে সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হলেও স্বাধীনতা,সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় দেশের জনগণ ঘুরে দাঁড়িয়েছে।
বিএনপি মহাসচিব আরও বলেন,নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুসংহত করা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার বড় সুযোগ তৈরি হয়েছে।অতীতের মতো দেশকে একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করাই বিএনপির মূল লক্ষ্য।
তিনি জঘন্য এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
পরে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাদের পরিবার-পরিজনের প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.