নিজস্ব প্রতিবেদক।।জাতীয় নির্বাচনের রেশ কাটতে না কাটতেই বরিশালে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সংরক্ষিত নারী সংসদ সদস্য পদ।রাজপথের আন্দোলনে সক্রিয় অভিজ্ঞ নেত্রীদের পাশাপাশি প্রভাবশালী রাজনৈতিক পরিবারের উত্তরসূরীদের নিয়েও রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা ও বিশ্লেষণ।
সরকার গঠনের পর সংরক্ষিত ৫০টি নারী আসনের নির্বাচন রমজান মাসের মধ্যেই অনুষ্ঠিত হতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।এ পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ত্যাগী ও আন্দোলন–সংগ্রামে সক্রিয় নারী নেত্রীরা মনোনয়ন পাওয়ার লক্ষ্যে ইতোমধ্যে তৎপরতা শুরু করেছেন।
দলীয় নেত্রীরা বলছেন,গত ১৭ বছর রাজপথে যাদের সক্রিয় ভূমিকা ছিল,তারাই সংরক্ষিত নারী আসনের প্রকৃত দাবিদার। তাদের মতে,দীর্ঘদিনের সাংগঠনিক অবদান,নেতৃত্বগুণ ও ত্যাগের স্বীকৃতি হিসেবে যোগ্য নারী নেত্রীদের মনোনয়ন দেওয়া হলে তা দলের জন্য ইতিবাচক বার্তা বহন করবে।
সমর্থকদের দাবি,ত্যাগীদের যথাযথ মূল্যায়ন না হলে ভবিষ্যতে নেতা–নেত্রীরা আন্দোলন সংগ্রামে ঝুঁকি নিতে অনুপ্রাণিত হবেন না।তাই মনোনয়নের ক্ষেত্রে অতীত রাজনৈতিক ভূমিকা এবং ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে অবৈধ সুবিধা গ্রহণের বিষয়গুলোও সঠিকভাবে পর্যালোচনা করার জন্য দলের চেয়ারম্যান ও নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
খোঁজ নিয়ে জানা গেছে,সংরক্ষিত নারী আসনে বরিশাল বিভাগ থেকে অন্তত ছয়জন নারীনেত্রী আলোচনায় রয়েছেন। তারা হলেন—
বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সংরক্ষিত আসনের সাবেক এমপি অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সালমা আক্তার বিনু
বরিশাল উত্তর জেলা মহিলা দলের সভাপতি চৌধুরী শরিফা নাসরিন
বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন
ঝালকাঠী জেলা আহ্বায়ক কমিটির সদস্য জিবা আমিনা আল গাজী
বাউফল উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী ও পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সালমা আলম লিলি তালুকদার।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে,শেষ পর্যন্ত দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তই নির্ধারণ করবে বরিশাল বিভাগ থেকে সংরক্ষিত নারী আসনে কারা মনোনয়ন পাবেন।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.