নিজস্ব প্রতিনিধি॥কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হয়ে এক কিশোরী গৃহবধূর মৃত্যুর ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।নিহতের পরিবারের দাবি,এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যা।এ ঘটনায় প্রধান অভিযুক্ত স্বামী বনি ইসরাফিল শাওনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
নিহত মোছাঃ রিয়া খাতুন মিথিলা (২১) কুষ্টিয়া সদর উপজেলার পৌর ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া ভাটাপাড়া এলাকার চা দোকানি মোঃ রতন আলীর মেয়ে।প্রায় চার মাস আগে ভেড়ামারা উপজেলার গোলাপনগর এলাকার শফিকুল ইসলামের ছেলে বনি ইসরাফিল শাওনের সঙ্গে তার বিয়ে হয়।
পরিবার সূত্রে জানা যায়,বিয়ের কিছুদিন পর মিথিলা জানতে পারে তার স্বামী পূর্বে আরেকটি বিয়ে করেছিলেন,যা গোপন রেখে তাকে বিয়ে করা হয়।এ বিষয়কে কেন্দ্র করে দাম্পত্য কলহ শুরু হয়। অভিযোগ রয়েছে,এরপর থেকে স্বামীসহ শ্বশুর ও শাশুড়ি তাকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।
নিহতের পরিবারের দাবি,গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় মিথিলা ফোন করে বাবাকে তাকে বাড়ি নিয়ে যেতে অনুরোধ করে। পরিবারের সদস্যরা যাওয়ার প্রস্তুতি নেওয়ার কিছুক্ষণ পরই খবর আসে,সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।পরে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে পরিবারের লোকজন মরদেহ দেখতে পান।
স্বজনদের অভিযোগ,মরদেহে ফাঁসের স্পষ্ট চিহ্ন না থাকলেও গলার দুই পাশে আঘাতের দাগ ও শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন দেখা যায়,যা হত্যার আলামত বলে তারা দাবি করেন।পরে পুলিশ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।
ঘটনার পর নিহতের বাবা ভেড়ামারা থানায় মামলা দায়ের করেন।পুলিশ প্রধান অভিযুক্ত স্বামী শাওনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।তবে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ থাকা সত্ত্বেও শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেছে নিহতের পরিবার।
পরিবারের আরও অভিযোগ,মামলা গ্রহণে দেরি করা হয়েছে এবং আপস-মীমাংসার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয়েছিল।যদিও এ বিষয়ে পুলিশ বলছে,তদন্ত চলমান রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই দিবাকর জানান, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।নিহতের পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.