নিজস্ব প্রতিবেদক।।তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন।সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর সার্কিট হাউস রোডে অনুষ্ঠিত ট্রাস্টের ৩৯তম বোর্ড সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন তাকে এ পদে মনোনয়ন দেন।
সভায় তথ্যমন্ত্রী ট্রাস্টের সহায়তা কার্যক্রম আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে সুবিধাভোগী সাংবাদিকদের একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির নির্দেশনা দেন।তিনি বলেন,দেশের গুরুত্বপূর্ণ অর্জনের পেছনে জনগণ ও গণমাধ্যমের ভূমিকা অপরিসীম এবং সাংবাদিকদের অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য।
মন্ত্রী আরও জানান,নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালু এবং সরকারি হাসপাতালে বিশেষ চিকিৎসা সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
নবনিযুক্ত চেয়ারম্যান ইয়াসের খান চৌধুরী তার বক্তব্যে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
সভায় ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ ট্রাস্টের কার্যক্রম,বিদ্যমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি ট্রাস্টের আর্থিক সংকট নিরসনে ব্যাংকে জমাকৃত অর্থ বিধি অনুযায়ী শুল্কমুক্ত করার ব্যবস্থা গ্রহণ,জনবল নিয়োগ, যানবাহন সুবিধা ও নিজস্ব ভবন নির্মাণে মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।
বোর্ড সভায় ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও তথ্য সচিব মাহবুবা ফারজানা,প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর,পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে তথ্য ভবন অডিটোরিয়ামে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সাংবাদিক পরিবারের ৪০২ জন মেধাবী সন্তানের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.