বরিশাল প্রতিনিধি।।বরিশাল মহানগরীর বন্দর থানায় হত্যা চেষ্টা,অপহরণ,মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে সাবেক সংসদ সদস্য,সাবেক পুলিশ কমিশনারসহ ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০–২৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
বন্দর থানার মামলা নম্বর–১১, তারিখ ১৩ নভেম্বর ২০২৪। মামলাটি দণ্ডবিধির ৩৪১,৩৬৫,৩২৩,৩০৭,৫০৬ ও ১০৯ ধারায় রুজু করা হয়েছে।
মামলার অভিযোগকারী মো. মশিউল আলম খান গদক,যিনি বরিশাল জেলা যুবদলের সঙ্গে সম্পৃক্ত বলে মামলায় উল্লেখ রয়েছে।আদালতের নির্দেশে সিআর মামলা নং-২৫৮/২০২৪ আমলে নিয়ে এফআইআর হিসেবে মামলা নথিভুক্ত করা হয় বলে পুলিশ সূত্র জানিয়েছে।
মামলার এজাহার অনুযায়ী,২০১৮ সালের ২৬ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে বন্দর থানাধীন চাঁদপুরা ইউনিয়নের রায়পুরা এলাকার বিশ্বাসের হাট নদীর ঘাট এলাকায় ঘটনাটি ঘটে। অভিযোগে বলা হয়,আসামিরা পরস্পর যোগসাজসে অবৈধভাবে পথরোধ করে হত্যার উদ্দেশ্যে জোরপূর্বক অপহরণ,মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে গুরুতর জখম করে।
এ মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও সাবেক এমপি জাহিদ ফারুক শামীম,বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার রুহুল আমিন,তৎকালীন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এসএম আজিয়র রহমানসহ পুলিশের একাধিক সাবেক কর্মকর্তা ও সদস্য।
মামলাটি বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে থানায় নথিভুক্ত করা হয়েছে।আদালতের আদেশ পাওয়ার পর বিলম্বের কারণ উল্লেখ করে মামলা রুজু করা হয়েছে বলে এজাহারে বলা হয়েছে।
এ বিষয়ে বন্দর থানা পুলিশ জানিয়েছে,মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.