ময়মনসিংহ প্রতিনিধি।।ময়মনসিংহ নগরে ছিনতাইকারী কিশোর গ্যাংয়ের ধাওয়ার ঘটনায় আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী নুরুল্লাহ শাওনের (২৬) মরদেহ উদ্ধারের পর উত্তেজনা ছড়িয়ে পড়েছে।জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে শিক্ষার্থীরা পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন।
শনিবার দুপুরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান নেন।এ সময় তারা শহরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
নিহত নুরুল্লাহ শাওন আনন্দ মোহন কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।তাঁর বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চর জাকালিয়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,গত বুধবার বিকেলে বন্ধু মঞ্জুরুল আহসান (রিয়াদ)কে সঙ্গে নিয়ে শাওন ব্রহ্মপুত্র নদের বিপরীত পাড়ে বেড়াতে যান।সন্ধ্যা ছয়টার দিকে সাত সদস্যের একটি কিশোর দল তাদের ঘিরে ধরে টাকা দাবি করে।টাকা না থাকায় দুই শিক্ষার্থীকে মারধর করা হয়।একপর্যায়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দেয় কিশোররা।রিয়াদ নদী সাঁতরে পার হতে সক্ষম হলেও শাওন নিখোঁজ হন।পরে শুক্রবার রাতে ব্রহ্মপুত্র নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের মা সাহিদা বেগম কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করলে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা নেওয়া হয়। অভিযুক্তদের বয়স ১৩ থেকে ১৬ বছরের মধ্যে এবং তারা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী।ইতোমধ্যে ১৫ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।
মরদেহ উদ্ধারের পর শুক্রবার রাতেই টাউন হল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আনন্দ মোহন কলেজের শিক্ষার্থীরা।প্রশাসনের আশ্বাসে পরে তারা সড়ক ছাড়েন।
কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তানজিল আহমেদ বলেন,শহরকে ছিনতাই ও মাদকমুক্ত করতে হবে এবং হত্যার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান,নিহতের শরীরে বড় ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি; পানিতে ডুবে মৃত্যুর আলামত রয়েছে।তবে কিশোরদের ধাওয়া ও ছিনতাইয়ের প্ররোচনার কারণেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন,নগরে কিশোর গ্যাং ও মাদক সংশ্লিষ্ট অপরাধ দীর্ঘদিন ধরে বাড়ছে।দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.