নিজস্ব প্রতিবেদক।।শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীনস্থ সব দপ্তরে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন,নিজে যেমন দুর্নীতি করবেন না,তেমনি তার অধীনস্থ কাউকেও দুর্নীতি করার সুযোগ দেওয়া হবে না।
শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন,আগামী পাঁচ বছরে শিক্ষা মন্ত্রণালয়ের কোথাও কোনো ধরনের দুর্নীতির সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ কেউ খুঁজে পাবে না।শিক্ষা প্রশাসনের বিভিন্ন স্তরে থাকা অনিয়ম দূর করতে কঠোর নজরদারি জোরদারের নির্দেশও দেন তিনি।
তিনি আরও বলেন,দেশপ্রেম শুধু রাজনৈতিক বক্তব্যে নয়, বরং কর্মক্ষেত্রে সততা ও স্বচ্ছতা নিশ্চিত করার মধ্য দিয়েই প্রমাণিত হয়।শিক্ষা মন্ত্রণালয়কে রাষ্ট্র গঠনের অন্যতম প্রধান ভিত্তি উল্লেখ করে তিনি শিক্ষাব্যবস্থা উন্নয়নে ‘কারিকুলাম,ক্লাসরুম ও কনসিস্টেন্সি’—এই তিনটি মূলনীতির ওপর গুরুত্বারোপ করেন।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন,বাংলা ভাষা ও গণিতে দক্ষতা অর্জন ছাড়া শিক্ষার্থীদের শক্ত ভিত্তি তৈরি সম্ভব নয়।এ লক্ষ্যে পাঠ্যক্রম পর্যালোচনার জন্য একটি বিশেষ টাস্কফোর্স গঠনের কথাও জানান তিনি।
তিনি বলেন,ইংরেজি বা তৃতীয় ভাষা শেখার আগে শিক্ষার্থীদের মাতৃভাষা বাংলায় দৃঢ় জ্ঞান নিশ্চিত করতে হবে।প্রশাসনিক গাফিলতি বা আর্থিক অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না বলেও কর্মকর্তাদের সতর্ক করেন তিনি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.