মেহেন্দিগঞ্জ(বরিশাল) প্রতিনিধি।।সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের বাসিন্দা সালমা আক্তার।
দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হয়ে বরিশাল জেলার উন্নয়নে ভূমিকা রাখতে চান বলে জানিয়েছেন তিনি।
পারিবারিকভাবেও রাজনৈতিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত সালমা আক্তার।তার বাবা হাজী আব্দুল বাছেদসহ পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
বর্তমানে তিনি মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ছাড়াও ঢাকা জেলা বিএনপির সদস্য,আশুলিয়া থানা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা,বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ফোরামের সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা এবং জিয়া স্মৃতি পাঠাগারের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।দলীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সক্রিয় ভূমিকার কারণে ইতোমধ্যে বরিশাল জেলার সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় কর্মী-সমর্থকদের মাঝেও তার পক্ষে ব্যাপক প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে।বরিশাল জেলার বিভিন্ন পর্যায়ের মানুষের একটি অংশ তাকে সংসদে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।
স্থানীয় বাসিন্দা মিরাজ,জাবেদ ও রুবেল বলেন,“সালমা আপু বিএনপির দুর্দিনে দলের পাশে ছিলেন।আমরা তাকে সংরক্ষিত আসনের এমপি হিসেবে দেখতে চাই।”
এছাড়া এলাকার প্রবীণ ব্যক্তিরা জানান,“তিনি ভালো পরিবারের সন্তান এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য। তার মতো মানুষের সংসদে যাওয়া প্রয়োজন।”
সালমা আক্তার বলেন,“বরিশাল জেলা দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত।বিশেষ করে নারীদের উন্নয়নে তেমন কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।সুযোগ পেলে পিছিয়ে পড়া নারীদের নিয়ে কাজ করতে চাই।” তিনি আরও বলেন,মেহেন্দিগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বেড়ে ওঠার কারণে এলাকার মানুষের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে তার বাস্তব অভিজ্ঞতা রয়েছে।
নিজের রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরে তিনি বলেন, “আওয়ামী লীগ আমলে বিএনপির ওপর নির্যাতনের সময় রাজপথে সক্রিয় ছিলাম।হামলা-মামলার শিকার হয়েছি এবং জেলজুলুমও সহ্য করেছি।দলের দুর্দিনে পাশে থাকায় এবার দল আমাকে মূল্যায়ন করবে বলে আশা করছি।”
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির এক সিনিয়র নেতা জানান,সালমা আক্তার দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত।তিনি মেহেন্দিগঞ্জ মানব কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের ভাইস চেয়ারম্যান এবং ঢাকাস্থ মেহেন্দিগঞ্জ সমিতির আজীবন সদস্য হিসেবে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে,দলীয় কর্মকাণ্ডে সক্রিয়তা ও সামাজিক সম্পৃক্ততার কারণে বরিশাল থেকে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য প্রার্থীদের তালিকায় তিনি এগিয়ে থাকতে পারেন।
![]()



















































সর্বশেষ সংবাদ :———