নিজস্ব প্রতিবেদক।।ভূমি সেবা ব্যবস্থায় জালিয়াতি ঠেকাতে নাগরিকদের ‘ভূমি (Bhumi)’ মোবাইল অ্যাপ ব্যবহার করে দাখিলা,খতিয়ান ও ডিসিআর (DCR)-এর QR কোড যাচাই করার আহ্বান জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।সম্প্রতি এক গণবিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়,এক বা একাধিক সংঘবদ্ধ প্রতারক চক্র ভূমিসেবা সিস্টেমের আদলে QR কোড সংযুক্ত করে নকল/ভুয়া দাখিলা,খতিয়ান ও ডিসিআর তৈরি করে সাধারণ মানুষকে প্রতারিত করছে,যা প্রচলিত আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
বিজ্ঞপ্তিতে বলা হয়,উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় এবং নিরাপদ ও নির্ভরযোগ্য ভূমি সেবা নিশ্চিত করতে ‘ভূমি (Bhumi)’ অ্যাপ চালু করা হয়েছে।অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস—উভয় প্ল্যাটফর্মেই পাওয়া যাচ্ছে।এ অ্যাপে থাকা QR কোড যাচাইকরণ ফিচার ব্যবহার করে সংশ্লিষ্ট দলিলের QR কোড স্ক্যান করে তথ্যের সত্যতা নিশ্চিত করতে বলা হয়েছে।একই সঙ্গে ‘ভূমি (Bhumi)’ অ্যাপ ছাড়া অন্য কোনো QR স্ক্যানার ব্যবহার না করার অনুরোধ জানানো হয়েছে।
QR যাচাইয়ের সময় কোনো অস্পষ্টতা,ত্রুটি বা ভুয়া তথ্য সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে ভূমি মন্ত্রণালয়ের হটলাইন ১৬১২২ নম্বরে যোগাযোগ করার নির্দেশনা দেওয়া হয়েছে।নকল বা ভুয়া দাখিলা,খতিয়ান কিংবা ডিসিআর প্রস্তুত বা ব্যবহারকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ভূমি মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন।




















































সর্বশেষ সংবাদ :———